সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ নেতা খুন

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:৫৭
জেলার ওসমানীনগর থানার উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ আলী (৫০) খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। গতকাল শুক্রবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জুবেদ আলীর চাচা শ্বশুর ছানা মিয়াকে আটক করেছে। পুলিশ জানায়, জুবেদ আলী পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে ওসমানীনগরের মাধবপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছেন। গত বৃহস্পতিবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা ভেন্টিলেটর খুলে ঘরে প্রবেশ করে জুবেদ আলীকে শ্বাসরোধ করে হত্যা করে। গতকাল বিকালে আশপাশের লোকজন জানালা দিয়ে তার লাশ ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। নিহতের পারিবারিক সূত্র জানায়, শ্বশুরের সম্পত্তি নিয়ে চাচা শ্বশুরদের সাথে জুবেদ আলীর বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে তিনি খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে ওসমানীনগর থানায় মামলা হয়েছে।