জেলার দুর্গাপুরে শুক্রবার ভোর থেকে পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।
উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি তারা মিয়া ও নেত্রকোনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলীর নিকট ধর্মঘটের কারণ জানতে চাইলে তারা বলেন, গত ৯ এপ্রিল রাতে পূর্বধলা চৌরাস্তায় উপজেলা প্রশাসন দুর্গাপুর থেকে বালুবহনকারী ট্রাক হতে ২ থেকে ৩ হাজার করে টাকা নেয়। এ কারণে আমাদের এ ধর্মঘট। যদি জেলা প্রশাসন এ ব্যাপারে ১২ এপ্রিল শনিবারের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশফিকুর রহমানের নিকট জানতে চাইলে তারা বলেন, প্রতিদিন রাতে দুর্গাপুর থেকে কমপক্ষে অতিরিক্ত বোঝাইকৃত ২৫ থেকে ৩০ টন বালু বোঝাই শতাধিক ট্রাক চলাচল করছে; এতে করে ব্রীজগুলোসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর ফলে জেলা নির্বাহী প্রকৌশলী লিখিতভাবে প্রশাসনকে অবগত করার পর গত ৯ এপ্রিল রাতে নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ১২টি ট্রাক হতে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং বলে দেয়া হয় ১০ টনের অধিক কোন মাল বোঝাই ট্রাক উক্ত ব্রীজগুলোর উপর দিয়ে চলাচল নিষিদ্ধ। ধর্মঘটের কারণে দুর্গাপুর হতে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় যাতায়াতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
