যুক্তরাষ্ট্রে মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার’। দেশের দর্শকদের নতুন এই ছবিটি দেখার সুযোগ করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৪ এপ্রিল ছবিটি মুক্তি দিচ্ছে তারা। গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এ ছবি। আর মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। এক সপ্তাহের মধ্যে অন্য সব ছবিকে হটিয়ে জায়গা করে নিয়েছে টপচার্টের শীর্ষে। ১৪০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ ছবি এরইমধ্যে আয় করেছে ৩০৮ মিলিয়ন ডলারের বেশি। অ্যান্থনি এবং জো রুশোর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, সেবাস্টেইন স্ট্যান, অ্যান্থনি ম্যাকি, ফ্র্যাঙ্ক গ্রিলাসহ আরও অনেকে।
ছবিটি রিলিজ প্রসঙ্গে সিনেপ্লেক্স সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এদেশি দর্শকদের একই সাথে নতুন ছবি দেখার আনন্দটা দিতে চাই। আর সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আগামীতে ইচ্ছে আছে হলিউড মুভির ওয়ার্ল্ড প্রিমিয়ারের সাথে নিজেদের সম্পৃক্ত রাখার।’
