যাজকদের পক্ষে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:১২
ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস চার্চে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত যাজকদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। তবে তিনি দোষী যাজকদের সাথে অন্য সব যাজকদের এক চোখে না দেখার জন্য অনুরোধ করেছেন। আন্তর্জাতিক ক্যাথলিক শিশু ব্যুরোর সদস্যদের সাথে শুক্রবার কথা বলার সময় তিনি দুঃখপ্রকাশ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সারভাইভারস নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে পোপ ক্ষমা প্রার্থনা করে যাজকদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করলেন। তারা দাবি জানান, শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ভ্যাটিক্যান রেডিওর খবরে বলা হয়েছে, পোপ দুঃখ প্রকাশ করে বলেন, শিশুদের ওপর যৌন নির্যাতনের জন্য সব যাজক দায়ী নয় বরং মাত্র কয়েকজন যাজক দায়ী। এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।