সংবাদ কণিকা

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:১৫
শিশুটির মামলা প্রত্যাহার পাকিস্তানের আদালত নয় মাস বয়সী একটি শিশুর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার করেছে। তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা ও রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার মত গুরুতর অভিযোগ আনা হয়েছিল। মুসা খান নামে ঐ শিশুটিকে দেশটির লাহোর আদালতে দ্বিতীয়বার হাজির করা হলে মামলাটি প্রত্যাহার করা হয়। ঐ মামলায় তার পরিবারের আরো ১২ সদস্যকেও জড়িত করা হয়। অবৈধ বিদ্যুত্ সংযোগের বিরুদ্ধে লাহোরে একটি বাড়িতে অভিযানে আসা পুলিশ ও বিদ্যুত্ বিভাগের কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার পর মামলাটি করা হয়। —বিবিসি কিশোরী বধূর প্রতিশোধ নাইজেরিয়ার কানো প্রদেশের এক কিশোরী বধূ তার স্বামীকে বিষপ্রয়োগে হত্যা করার ঘটনা স্বীকার করেছে। কিশোরীর দ্বিগুণেরও বেশি বয়সী এক ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেয়া হয়েছিল। ওয়াসিলু উমার নামে ১৪ বছর বয়সী ঐ কিশোরী ইঁদুর মারা বিষ খাবারের সঙ্গে মিশিয়ে তার স্বামীকে হত্যা করে। খাবারের বিষক্রিয়ায় কিশোরীর স্বামী ছাড়াও আরো তিন ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে ঐ বিয়ে হয় বলে পুলিশ জানিয়েছে। নাইজেরিয়ায় বাল্যবিবাহ খুব সাধারণ একটি ঘটনা। —বিবিসি সৌর বিমানে পৃথিবী প্রদক্ষিণ এবার পৃথিবী প্রদক্ষিণ করার জন্য তৈরি হচ্ছে সুইজারল্যান্ডে তৈরি সৌর বিদ্যুত্ চালিত একটি বিমান। আগামী বছরই এই বিমান নিয়ে পৃথিবী পরিক্রমার প্রচেষ্টা চালানো হবে। হিসাব অনুযায়ী শুধু আকাশেই কাটাতে হবে প্রায় ২০ দিন। সবমিলিয়ে তিনমাস লাগবে অভিযান শেষ করতে। চলতি বছরের মে-জুন মাসেই পরীক্ষামূলকভাবে আকাশে উড়বে ‘সোলার ইমপাল্স-২’ বিমানটি। এই প্রকল্পের উদ্যোক্তা ব্যার্ত্রঁ পাকার ও আন্দ্রে বর্শব্যার্গ। গত সপ্তাহে সুইজারল্যান্ডে তারা তাদের পরিকল্পনা তুলে ধরেছেন। — এপি