বর্ষবরণে প্রস্তুত রাজশাহী

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:৩৮
বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রাজশাহীতে বিপুল উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বর্ষবরণে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পহেলা বৈশাখের চিরন্তন উত্সবকে ঘিরে নতুন সাজে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দম ফেলার ফুরসত নেই এই বিভাগের শিক্ষার্থীদের। চলছে মঙ্গল শোভাযাত্রার ব্যাপক প্রস্তুতি। পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর বিভিন্ন বিপণি বিতানে বেচাকেনা জমে উঠেছে। মাটি ও কাঠের তৈরি বিভিন্ন ধরনের গহনা, চুরি, মাটির তৈজসপত্র, গৃহসজ্জার সামগ্রী ও হস্তজাত সামগ্রীর বিক্রি বেড়েছে কয়েকগুণ। এবারও বর্ষবরণ উত্সবের অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে মিষ্টি, দই আর ইলিশ। নানা ধরনের বৈশাখী পোশাকের সমাহার নিয়ে সাহেব বাজারে চালু হয়েছে নতুন দোকান ‘ফড়িং’। পহেলা বৈশাখ উদযাপনে এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। সোমবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেটি রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হবে। পরে শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। এদিন রাজশাহী কেন্দ্রীয় কারাগার, মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিশু পরিবার, শিশু সদনে (এতিমখানায়) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। কেন্দ্রীয় কারাগারে বন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কয়েদীদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শিত হবে। এছাড়া শোভাযাত্রা, পান্তা ইলিশ উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে। সোমবার নগরীর বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শহীদ জিয়া শিশু পার্ক সকাল-সন্ধ্যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া রাজশাহী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বর্ষবরণের অনুষ্ঠানস্থান ছাড়াও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে কাজ করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া যৌথভাবে টহল দেবে র্যাব-পুলিশ। ইতিমধ্যে আরএমপি কমিশনার ব্যারিস্টার মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মহানগর এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, বিস্ফোরক দ্রব্য ও পটকা ফুটানোসহ এসব ক্ষতিকারক দ্রব্য বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।