মার্কস অলরাউন্ডার

সিলেকশন রাউন্ডে ক্ষুদে প্রতিভাবানদের ভিড়

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:৪১
ক্ষুদে শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে এগিয়ে চলেছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার-২০১৪’। শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল মিরপুর আদর্শ হাই স্কুলে ঢাকা জোন-৩ এবং নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জোন-৩ এর সিলেকশন রাউন্ড। ঢাকা জোন-৩ এর ২৫০টির অধিক স্কুল থেকে প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার এবং চট্টগ্রাম জোন-৩ এর ২০০টির অধিক স্কুল থেকে প্রায় ৭ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশ নেয়। সকালে বেলুন উড়িয়ে ঢাকা জোন-৩ এর সিলেকশন রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং এর প্রধান শিক্ষক সওকত আলী এবং চট্টগ্রাম জোন-৩ এর সিলেকশন রাউন্ডের উদ্বোধন করেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার দুটি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, অভিনয়, গান, গল্প বলা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা - এই বিষয়গুলোতে সুশৃঙ্খলভাবে অংশ নেয় বিভিন্ন বয়সের ক্ষুদে প্রতিভাবানরা। দু’টি ভেন্যুর প্রতিটিতে বিকেলে ঘোষণা করা হয় প্রাথমিক বিভাগে ৭টি বিষয় থেকে ৫০ জন এবং মাধ্যমিক বিভাগে ৭টি বিষয় থেকে ৫০ জন সর্বমোট ১০০ জন বিজয়ীর নাম। ঢাকা ও চট্টগ্রাম থেকে সর্বমোট ২০০ জন নির্বাচিত বিজয়ী লড়বে পরবর্তী রাউন্ডে। বিশিষ্ট নাট্যশিল্পী ডঃ এনামুল হক ঢাকা জোন-৩ সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ ১০০ জনের হাতে পুরস্কার তুলে দেন। অ্যদিকে চট্টগ্রাম জোন-৩ এর বিজয়ী ১০০ জনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লা, অভিনেত্রী তমালিকা কর্মকার এবং আবুল খায়ের কনজ্যুমার গুডস ডিভিশনের ব্রান্ড কনসালটেন্ট তাসনিম আলম করিম। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা জোন-৪ ও চট্টগ্রাম জোন-৪ এর সিলেকশন রাউন্ড। ঢাকা জোন-৪ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে লালমাটিয়া হাউজিং সোসাইটি হাই স্কুল, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭। আর চট্টগ্রাম জোন-৪ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে নোয়াখালী জিলা স্কুল, মাইজদী মেইন রোড, পুরাতন টাউন, নোয়াখালী।