কলকাতার হাসপাতালে একদিনে ২২ কেজি ওজন কমিয়ে আসার পর হোটেলে মারা গেছেন নারায়ণগঞ্জের নির্মাণ ব্যবসায়ী সইফুদ্দিন মামুদ (৫৬)। বৃহস্পতিবার সকালে পার্ক স্ট্রিট থানা এলাকার একটি হোটেল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
হোটেলে তাঁর ঘরের বিভিন্ন কাগজপত্র থেকে পুলিশ জানতে পারে, সইফুদ্দিন ওজন কমানোর চিকিত্সা করাতে কলকাতায় এসেছিলেন। বুধবার বেলভিউ হাসপাতালে লাইপোসাকশন থেরাপির মাধ্যমে একদিনেই তার ওজন ২২ কেজি কমানো হয়। এরপর তিনি হোটেলে ফিরে আসেন। পরদিন তাকে হোটেল কক্ষে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সন্দেহজনক কিছু মেলেনি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সম্ভবত হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
