সুজানগরের কলেজ মাঠে গরু ও বাঁশের হাট

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৪
পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া কলেজ মাঠে বসছে গরু ও বাঁশের হাট। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। পাশাপাশি নষ্ট হচ্ছে কলেজের সুন্দর মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ। খোঁজ নিয়ে জানা যায়, সাতবাড়ীয়া বাজারে গরু ও বাঁশের হাট বসানোর নির্দিষ্ট কোন জায়গা নেই। তাছাড়া বাজারে রয়েছে প্রয়োজনীয় জায়গা সংকট। সে কারণে আগে এখানে গরু ও বাঁশের হাট বসত না। কিন্তু গত ৩/৪ বছর ধরে এলাকাবাসী ওই বাজারের অংশ হিসাবে কলেজ মাঠে গরু ও বাঁশের হাট বসাচ্ছে। সপ্তাহের প্রতি শনিবার সাতবাড়ীয়া বাজারের হাটবার কলেজ মাঠের পশ্চিম পাশ জুড়ে বসানো হয় জমজমাট গরু ও বাঁশের হাট। আর শনিবার ছাড়াও প্রতিদিন বসে বাঁশের হাট। বিশেষ করে বাঁশের হাটের কারণে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ওই মাঠ দিয়ে নির্বিঘ্নে কলেজে যাতায়াত করতে পারে না। এতে তাদের দুর্ভোগের শিকার হতে হয়। বাঁশের হাটের কারণে শিক্ষার্থীদের সব চেয়ে বেশি অসুবিধা হয় খেলাধূলা করা। শিক্ষার্থীরা ক্লাসের অবসরে মাঠটিতে ক্রিকেট এবং ফুটবলসহ অন্য খেলাধূলা করে থাকে। কিন্তু মাঠটিতে সব সময় বাঁশ থাকায় তারা খেলাধূলা করার সুযোগ পায় না। পাশাপাশি গরু-ছাগলে মলমূত্রে দূষিত হচ্ছে কলেজসহ আশপাশের পরিবেশ। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজ মাঠে গরু ও বাঁশের হাট বসার কারণে দুর্ভোগের পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে সত্য। তবে এলাকার জনস্বার্থে এ হাট বন্ধ করা সম্ভব হচ্ছে না।