ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ অব্যাহত আহত অর্ধশত, বাড়িঘর ভাংচুর

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে টানা চতুর্থ দিনের মত সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা ১০টি বাড়িতে অগ্নিসংযোগ, ৩০ বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসব ঘটনায় গ্রামবাসী পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, বুধবার থলিয়ারা গ্রামের সরুজ সরকারের মোসালি ও কেরামত সরকারের গোষ্ঠীর আবুল কালামের মধ্যে ৬ শতাংশ জমির মালিকানা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এর জের ধরে মোসালি মিয়ার স্কুল পড়ুয়া কন্যাকে বৃহস্পতিবার লাঞ্ছিত করে প্রতিপক্ষের লোকজন। এরপর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাতেই গ্রামের ৫/৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। গতকাল শনিবার ফের সকাল থেকেই উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। শনিবারের সংঘর্ষে যোগ দেয় পার্শ্ববর্তী রাজঘর গ্রামের লোকজন। এতে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষের সময় ৫/৬টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। থলিয়ারা বাজারের দোকানপাট বন্ধ ছিল।