দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ধামরাইয়ে একজন নিহত
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় গত শুক্রবার দুপুরে সাজ্জাদ হোসেন ফারুক (২৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত ও আরো আরোহী আহত হয়েছেন। সে ধামরাই উপজেলার জলসিং গোপালপুর গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে মাসুদ রানা বাবু আহত হন।
মনোহরগঞ্জে শিশু নিহত
কুমিল্লার মনোহরগঞ্জে লালমাই-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বড় কাঁচি এলাকায় গত শুক্রবার বাস চাপায় মাছুম বিল্লাহ (৭) নামে এক শিশু মারা গেছেন। সে আল আরাফাহ্ কেজি স্কুলের ১ম শ্রেণির ছাত্র। জানা যায়, জুমার নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস বাস শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শেরপুরে পোশাক শ্রমিক নিহত
বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর এলাকায় গত শুক্রবার সকালে মোমিন মিয়া (২৬) নামে এক পোশাক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার দাদল গ্রামে।
টেকনাফে বনকর্মী নিহত
কক্সবাজার টেকনাফে গত শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ফজল আহাম্মদ (৬৫) নামে এক বনকর্মী মারা গেছেন। টেকনাফ আসার পথে একটি চাঁদের গাড়ি ও ট্রাক চাপায় বনকর্মী গুরুতর আহত হন। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান।
পঞ্চগড়ে ব্যবসায়ী নিহত
পঞ্চগড়ে গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, নাজিম উদ্দিন পঞ্চগড় থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে চিনিকল ট্রেনিং সেন্টারের সামনে মাল বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে গেলে তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছাতকে নিহত দুই আহত এক
সুনামগঞ্জের ছাতকের কাড়ইলগাঁও এলাকায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম জনি (২২) ও সায়েম আহমদ (৩২) নামে দুই মোটর সাইকেল আরোহী মারা গেছেন। মোটর সাইকেল একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে তিন আরোহী ছিঁটকে পড়ে। এতে আব্দুল করিম জনি ও মাছুম আহমদ ঘটনাস্থলেই মারা যান। সায়েম আহমদকে (২৩) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দুপচাঁচিয়ায় শিশুর মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় গত শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে খালিদ বিন সাঈদ নয়ন (৬) নামে এক শিশু মারা গেছে। সে আবুল কালামের একমাত্র ছেলে ও দুপচাঁচিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্র।
দোহারে বিদ্যুত্স্পৃষ্টে শিশু মৃত্যু
ঢাকার দোহার উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে গত শুক্রবার দুপুরে রাহাত (১০) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্থা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাস্থা বাজারের ব্যবসায়ী নাদের আলী শিশু ছেলে রাহাতকে নিয়ে দোকান পরিষ্কার করছিলেন। এ সময় দোকানের সাটারে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে ঘটনাস্থলে মারা যান
সৈয়দপুরে শ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে গত শুক্রবার বিকালে একটি পরিত্যক্ত পাকা কুয়ার ইট খুলতে গিয়ে মাটি চাপা পড়ে মজনু আলী (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন। জানা গেছে, খালিকুর রহমান ওরফে লেবু চৌধুরী তার বাড়িতে একটি পাকা ঘর তৈরি করতে গিয়ে একটি পরিত্যক্ত পাকা কুয়ার সন্ধান পান। এই কুয়ার ইট খুলতে কয়েকজন শ্রমিককে কাজে লাগান। দুপুরে ওই শ্রমিক কুয়ার নিচে নেমে ইট খোলার কাজ করছিলেন। হঠাত্ কুয়ার চারপাশের মাটি ধসে পড়লে শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ ঘন্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। ওই শ্রমিকের বাড়ি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে।
