জয়দেবপুরে অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৯
গাজীপুর জেলা শহরে জয়দেবপুর রেলওয়ে জংশনের জমিতে এক অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান-পাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় ব্যবসায়ীদের বিক্ষোভ ও হামলায় ১০/১২ জন শ্রমিক আহত হন। জয়দেবপুর জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় স্টেট অফিসার মো. নূরুন্নবী কবির ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে বুধবার উচ্ছেদ অভিযান চলে। অভিযান চলাকালে উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় যুবলীগকর্মীদের নেতৃত্বে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা উচ্ছেদ শ্রমিকদের ওপর হামলা চালালে কয়েক শ্রমিক আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে সাবেক গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া রেলওয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠকে করেন। বৈঠকে উচ্ছেদ অবশিষ্ট দোকান-পাট এক সপ্তাহের মধ্যে তুলে নেয়ার আশ্বাস দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়।