টাঙ্গাইল-জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় এলেঙ্গা পর্যন্ত ৪ লেন ৭০ কিঃমিঃ মহাসড়ক কাজের শুরুর আগেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মহাসড়কের দুইপাশে জমি অধিগ্রহণের জন্য ভর্তুকির টাকার নামে চলছে পুকুর চুরির ঘটনা। একটি চক্র মহাসড়কের পাশে জমির মালিকদের জমি ভাড়ায় নিয়ে অবৈধভাবে স্থাপন করছে কাঁচা, আধাপাকা ও পাকা ঘর-বাড়ি। জমির মালিকদের বিপুল পরিমাণ অর্থের প্রলোভন দেখিয়ে এই চক্রটি রাতারাতি নির্মাণ করে চলেছে এসব স্থাপনা। এই স্থাপনাগুলোর অর্থ পরিশোধ করতে হলে সরকার ও প্রকল্পের পরিচালককে শত শত কোটি টাকা অতিরিক্ত দিতে হবে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অধিক টাকা পরিশোধ করতে এই প্রকল্পের কাজ শুরু হবে কিনা তা অনিশ্চিত বলে জানা গেছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী এবং টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোয়ায়েব আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করছে তারা কোনভাবেই অতিরিক্ত টাকা পাবে না।
এ ব্যাপারে জয়দেবপুর-টাঙ্গাইল ৪ লেন প্রকল্পের এক্সিকিউটিভ প্রকৌশলী সিরতাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের অভিযোগ তাদের কাছে এসেছে। যারা অসত্ উদ্দেশ্যে রাস্তার পাশে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং কোন অবস্থায় অতিরিক্ত অধিক টাকা প্রদান করা হবে না।
