টেকনাফে গত ১২ দিন ধরে বন্দী ১৫ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, গতকাল শনিবার ভোরে সাবরাং বিওপির নায়েক সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে একদল জওয়ান গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ার পাচারকারী আবু কালাম ও আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রুমে বন্দী অবস্থায় ১৫ যাত্রীকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন সিরাজগঞ্জ, ৪ জন যশোর ও ৯ জন নরসিংদীর বাসিন্দা। উদ্ধারকৃত জালাল মিয়া জানান, নরসিংদীর দালাল রহিমউল্লাহর মাধ্যমে বিনামূল্যে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২৭ মার্চ টেকনাফে আসেন। এরপর থেকে আমাদের এই অবস্থা। অবশেষে শনিবার বিজিবি বন্দী অবস্থায় আমাদের উদ্ধার করে।
