ডায়রিয়ার প্রকোপ বাউফলের শিশুরা আক্রান্ত বেশি

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০১
পটুয়াখালীর বাউফল উপজেলার সর্বত্র ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এমন অবস্থা যে বাউফল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে আক্রান্ত শিশুদের ঠাঁই হচ্ছে না। হাসপাতালের বারান্দায় স্থান দেয়া হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে যারা ভর্তি হয়েছে চিকিত্সক সংকটের কারণে সেসব রোগীরা সেবা পাচ্ছে না বলে অভিযোগ আক্রান্ত শিশুদের অভিভাবকদের। সরেজমিনে হাসপাতালে গিয়ে জানা যায়, ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেও কোন চিকিত্সকের দেখা পায়নি রোগীরা। এমনকি দু’একজন সেবিকা এসে ব্যবস্থাপত্র দিয়ে বাইরে থেকে ওষুধ কেনার পরমর্শ দিয়ে যান। হাসপাতালের পরিসংখ্যানবিদ মিজানুর রহমান জানান, হাসপাতালে প্রতিদিন গড়ে শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী সেবা নিতে আসে। উপজেলার বাইরে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আরও বেশি। এব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জরুল আলম জানান, বর্তমানে বৈরি আবহাওয়ার (যেমন দিনে প্রচণ্ড গরম রাতে শীত) কারণে উপজেলার সর্বত্র ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পর্যাপ্ত স্যালাইন আছে, তবে ডায়রিয়ার এন্টিবায়োটিক ওষুধ নেই, চিকিত্সক সংকট রয়েছে।