যশোরে পৃথক ঘটনায় দুইজন ও তাড়াইলে গ্রামবাসীর সংঘর্ষে শিশুসহ পৃথক ঘটনায় গত দুইদিনে নয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
যশোরে পৃথক ঘটনায় দুই খুন
যশোরে দুর্বৃত্তদের হামলায় পিকুল নামে এক যুবক নিহত ও যৌতুকের দাবিতে মারধরে রিক্তা ঘোষ (১৯) নামে এক গৃহবধূ মারা গেছেন। উভয়ের লাশ গত শুক্রবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শহরতলী আরবপুর এলাকার জলিল মোড়লের ছেলে পিকুল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার ভোরে খোলাডাঙ্গা হ্যাচারিপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, দুর্বৃত্তরা পিকুলকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। অপরদিকে, যশোরের সদর উপজেলার রায়মানিক গ্রামে যৌতুকের দাবিতে রিক্তা ঘোষ (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার অভিযোগে স্বামী শিপন ঘোষ ও শ্বশুর কৃষ্ণ ঘোষকে পুলিশ আটক করেছে। রিক্তার বাবা মিহির ঘোষ অভিযোগ করেন, প্রায় ৯ মাস আগে শিপন ঘোষের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় ২ লাখ ৮০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। আরও ২০ হাজার টাকা যৌতুক দাবিতে প্রায়ই তার মেয়ের ওপর নির্যাতন করা হতো। বৃহস্পতিবার রাতে যৌতুক দাবিতে রিক্তাকে বেধড়ক মারধর করা হলে তার মৃত্যু হয়।
তাড়াইলে সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
কিশোরগঞ্জের তাড়াইলে হাঁস রাখাকে কেন্দ্র করে গত শুক্রবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শামুকজানী গ্রামের জামাল মিয়ার শিশু কন্যা তন্নী আক্তার (৯) নামে এক শিশু নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন— সোনাতুল ইসলাম (৩৮), সাইদুর রহমান (৪০), সাবান (১৮), তাজুল (২০), জামাল (৩৬) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সোনাতুল ইসলাম ও চাঁন মিয়া নামে দুু’জনকে আটক করেছেন।
শাজাহানপুরে পোশাক শ্রমিক খুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ব্রিজের নিচ থেকে গত শুক্রবার সকালে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, তার মাথা, ডান চোখসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর ব্রিজের ওপর থেকে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে।
মাধবপুরে তরুণীর লাশ উদ্ধার
হবিগঞ্জ মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রাম থেকে গত শুক্রবার এক ডোবা থেকে কুলসুমা আক্তার (১৯) নাকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
সন্তোষপুর গ্রামের হুরন আলীর মেয়ে কুলসুমা আক্তার সায়হাম জুট মিলের শ্রমিক। গত বৃহস্পতিবার বিকালে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। মাধবপুর থানায় মামলা হয়েছে।
শ্যামনগরে নিহত ১ আহত ৩
সাতক্ষীরার শ্যামনগর শিবচন্দ্রপুর নতুন হাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে শুকুর আলী (৪৫) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। কৈখালি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান, একটি ঘর জ্বালানো মামলায় লিয়াকত আলী আদালতে সাক্ষী দেয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের দায়ের কোপে সীমান্তবর্তী নিদয়া গ্রামের শুকর আলী (৪৫), আব্দুর রহিম (২৬), সাদ্দাম হোসেন বাবলু (২৫) ও সুপিয়া খাতুন গুরুতর আহত হন। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। আহত শুকর আলী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার বিকালে মারা যান। এ ঘটনায় হাবিবুর রহমান ও মহাতাব উদ্দীন নামে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় প্রভাষক আব্দুর রহিম বাদি হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করেছে।
রৌমারীতে পৃথক
ঘটনায় দুইজন খুন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোমরভাঙ্গি ভিটাপাড়া গ্রামে গত শুক্রবার মানিক মিয়া (২৪) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে লাশ দেখে একই গ্রামের আহমেদ হাজী (৭৫) নামে এক বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পথে হূত্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। রৌমারী থানার ওসি তদন্ত আকরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
