বটিয়াঘাটায় ৪টি অবৈধ অস্ত্র উদ্ধার
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার কিসমত ফুলতলা গ্রামে শ্মশান ঘাট থেকে গত শুক্রবার রাত বারটায় খুলনা র্যাব-৬ পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও ২টি রামদা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব শ্মশান ঘাটে গিয়ে গেউয়া গাছের নিচে রাখা এসব অস্ত্র দেখতে পায়। পরে স্থানীয় লোকদের সহায়তায় উদ্ধার করে পুলিশে দেয়। একই স্থান থেকে পূর্বেও র্যাব অবৈধ অস্ত্রসহ জোনাব আলী নামে একজনকে আটক করেছিল।
ঝিনাইগাতীতে সোমেশ্বরী নন্দিনী সাহিত্যের কবিতা আসর
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগরা কোনাপাড়া বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ বেদিতে গত শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে সোমেশ্বরী নন্দিনী সাহিত্য সংগঠন, শেরপুর জেলা শাখার উদ্যোগে কবিতা পাঠ আসরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাজেরা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সংগঠনের সহ-সভাপতি আইয়ুব আকন্দ বিদ্যুত্, সাধারণ সম্পাদক হারুন অর রাশিদ, কবি শাহিন শিমুল, নূর-এ আলম সিদ্দিকী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নবিজল হক রানা, মঞ্জুরুল আহমেদ, এস. এম দোলন মাহমুদ, সারোয়ার সোলায়মান লিটন প্রমুখ।
ধামরাইয়ে গীতিনাট্য আলেখ্য ‘গাহি মানুষের গান’
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ সংগীত ও নৃত্য সংগঠনসমূহকে সহায়তা প্রদান শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ গত শুক্রবার বিকেলে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে গীতিনাট্য ‘গাহি মানুষের গান’ পরিবেশন করে। অপসংস্কৃতি অপসারণ, নানাবিধ চক্রান্ত ও ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি, মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধকরণের লক্ষ্যেই এ গীতিনাট্য পরিবেশন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ড. এম তোফাজ্জল ইসলামকে সংবর্ধনা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিজয়নগর উপজেলার শশই গ্রামে গত শুক্রবার বিকালে বাংলাদেশ একাডেমী অব সাইন্স গোল্ড মেডেল ও এ্যাওয়ার্ড মনোনীত তরুণ কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. এম তোফাজ্জল ইসলাম শাহীনকে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়। হাজী মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে ও সৈয়দ মুমিনুল ইসলাম দুলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, কাইজার চৌধুরী, মিজানুল ইসলাম চেয়ারম্যান, যুবলীগ সম্পাদক শাহজাহান আল মাহমুদ প্রমুখ।
তালায় শিক্ষক ঐক্য ফোরামের কমিটি গঠন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলা সহকারী শিক্ষক ঐক্য ফোরাম (প্রাথমিক) কমিটি গঠন উপলক্ষে এক সভা গতকাল শনিবার মাস্টার তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রব পলাশ, শেখ আসাদুল্লাহ, খন্দকার ইমরান আহম্মেদ, সঞ্জয় দাস, অলিউল ইসলাম, শ্রীকান্ত সরদার, মোঃ বদিয়ার রহমান, হোসনেয়ারা খানম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রব পলাশকে সভাপতি, শেখ আসাদুল্লাহ সিনিয়র সহ-সভাপতি, খন্দকার ইমরান আহম্মেদ সম্পাদক, সঞ্জয় দাস সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, অলিউল ইসলাম সাংগঠনিক সম্পাদকসহ ৪৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ তামাক চাষি অপহূত
বান্দরবান প্রতিনিধি \ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ তামাক চাষিকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকালে অপহরণের এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লংগদুমুখ নামক স্থান থেকে ৬/৭ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তামাক ক্ষেতে কাজ করার সময় দুইজন তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে। অপহূতরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ফরিদুল আলম (৪৫), মো:হুমায়ুন (১৫)। অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাইশারীর দুর্গম লংগদুমুখ থেকে ২ জন অপহরণের খবর পেয়েছি।
সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহকে সভাপতি ও অধ্যাপক মহিবুল্লাহ মোড়লকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, পার্টির ৭ম জেলা সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক সাবীর হোসেন, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, অধ্যাপক ময়নুল হাসান, স্বপন কুমার শীল, আব্দুল জলিল মোড়ল, সরদার রফিকুল ইসলাম, আব্দুর রউফ, নাসরিন খান লিপি, পাল শুভাশীষ, আল মাহমুদ পলাশ, মফিজুল হক জাহাঙ্গীর ও নির্মল কুমার সরকার প্রমুখ।
বানারীপাড়ার বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় সরিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জগলুল ফারুক ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সমপ্রতি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান জগলুল ফারুককে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন- প্রতিষ্ঠাতা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, সম্পাদক প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন, দাতা সদস্য আলহাজ্ব তারিকুল ইসলাম খান, অভিভাবক সদস্য আবুল হোসেন, মো. মজিবর রহমান, নাসির সরদার, মহিতুল আলম, পারুল বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. দুলাল হোসেন, জাহিদ হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য সালমা আক্তার।
ঝিনাইদহে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামে একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আব্দুল কুদ্দুস নামে এক কৃষক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুকিয়ে যাওয়া একটি পুকুরের ধারে আব্দুল কুদ্দুস গরু চড়াতে যান। এসময় তার পায়ের চাপে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। তাকে যশোর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে কাদার ভিতর থেকে আরো একটি তাজা বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে ওসি জানান।
কাহারোল প্রেসক্লাবে এমপি’র মতবিনিময় সভা
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ কাহারোল প্রেসক্লাবে এমপি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার কাহারোল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য বাবু মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন কাহারোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল শাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হায়দার আলী, কষাধ্যক্ষ মো. সোহাগ, মো. আব্দুল্লাহ, মো. আমিনুল ইসলাম, এ,কে,এম ইব্রাহিম খলিল মাস্টার, সুকুমার রায়, মো. আনারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
নড়াইলে নির্যাতনে নিহত গৃহবধূ রত্না
নড়াইল প্রতিনিধি \ নড়াইলে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে নিহত গৃহবধূ রত্না বিশ্বাসের (২৫) মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁচতে শেখার নাগরিক সংরক্ষণ কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁচতে শেখার নারী ও শিশু উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী রেখা বেগম। অভিযোগে তিনি বলেন, গত ২৩ মার্চ সদর উপজেলার বড়কুলা গ্রামের অমিত বিশ্বাসের স্ত্রী রত্না বিশ্বাসকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে হত্যা করার পর সে আত্মহত্যা করেছে মর্মে প্রচার করে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি নিহত রত্না বিশ্বাসের মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ধামরাইয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
ধামরাই(ঢাকা) সংবাদদাতা \ ঢাকার ধামরাইয়ে কালামপুর বিলট্রেড কারখানায় যাওয়ার পথে নিরাপদ পরিবহনের ভিতরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিলট্রেড শ্রমিক পিয়াস আহমেদ নিহত হয়। এ আলোচিত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদ হোসেন নয়দিন পর এজাহারভুক্ত আসামি মাসুদকে গত শুক্রবার ভোর রাতে গাজীপুর চান্দ্ররা এলাকা থেকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ২ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে অফিসে যাওয়ার জন্য ধামরাই থানাস্ট্যান্ড থেকে নিরাপদ পরিবহনে ওঠার সময় সন্ত্রাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পিয়াসের। এসময় তারা পিয়াস আহমেদকে গাড়ির ভিতরে ছুরি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় পিয়াসের মা বাদী হয়ে সাতজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ময়মনসিংহে মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি\ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মানবাধিকার পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৪শ’ প্রতিনিধির অংশগ্রহণে গত শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা উত্তর বিভাগীয় মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়কারী এডভোকেট খালেকুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী জাতীয় পতাকা ও মানবাধিকার পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সম্পাদক আতাউল করিম খোকন, মানবাধিকার কমিশনের ঢাকা মহানগরীর সভাপতি সোহরাফউদ্দিন, মানবাধিকার কর্মী এম, নজরুল ইসলাম ও মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা সম্মেলন সম্পন্ন
মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেহেরপুর জেলা শাখার ৯ম সম্মেলন গত শুক্রবার দুপুরে গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক। অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য নূর আহম্মেদ বকুল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে বিএনপি সেক্রেটারির বাসায় হামলা
পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালী জেলা বিএনপির সেক্রেটারী এম.এ রব মিয়ার শহরের লেক রোডের বাসায় সন্ত্রাসী হামলা ও জীবননাশের হুমকির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা বিএনপি ও ১৯ দলীয় ঐক্যজোট। গত শুক্রবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গত বুধবার রাতে সংঘটিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির সেক্রেটারী এম.এ রব মিয়া। এসময় জেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত বুধবার রাত ৮টার দিকে পটুয়াখালী শহরের লেক রোডের তার বাসায় ২০/২৫ জনের সন্ত্রাসী একটি দল হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও গালাগালি এবং তার জীবননাশের হুমকি দেয়। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
কুমিল্লায় ২৫ মামলার আসামি স্বপনসহ ৭ জন আটক
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে হত্যা, সন্ত্রাস, ছিনতাই ও মাদক মামলাসহ ২৫টি মামলার পলাতক আসামি স্বপন মিয়া ওরফে কালা স্বপন ওরফে ইয়াবা স্বপন, তার স্ত্রীসহ অপর ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল ইয়াবা স্বপনসহ ৭ জনকে আটক ও স্বপনের বিরুদ্ধে ২৫টি মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আজ সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।
শ্রীবরদীতে গ্রামীণ নারীদের ব্লক বাটিক প্রশিক্ষণ সমাপ্ত
শেরপুর প্রতিনিধি\ গ্রামীণ বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বৃহস্পতিবার ব্লক বাটিক সাতদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান প্রকল্পের উদ্যোগে ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় উপজেলার মুন্সিপাড়ায় সাতদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠিত পল্লী সমাজের ৪০ জন নারীর মাঝে সনদ বিতরণ করা হয়।
চিতলমারীতে যুবদল নেতার মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের চিতলমারী উপজেলা মোড় এলাকায় গত শুক্রবার বিকালে যুবদল নেতা মো. তুহিন শেখের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও পথসভা করে দলীয় নেতাকর্মীরা। বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল হক টুলু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকি আবু মুন্সি, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান টুকু, উপজেলা যুবদলের সভাপতি শেখ মহব্বত সজল, ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল হাসান অপু প্রমুখ। বক্তারা তুহিনের নামে ৫টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
