ডিমের ন্যায্যমূল্যসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার খামারীরা। এ সময় তারা মহাসড়কের উপর ডিম ভেঙে প্রতিবাদ জানায়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
খামারীদের সাত দফা দাবি হচ্ছে পোল্ট্রি খামার ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ, উত্পাদিত ডিম ও মুরগীর মাংসের বাত্সরিক উপযুক্ত মূল্য নির্ধারণ, খাদ্য (ফিড), ওষুধ ও ভ্যাকসিনের মূল্য কমিয়ে পুনঃনির্ধারণ, চাহিদা অনুযায়ী অতিরিক্ত ডিম ও মুরগী রপ্তানি প্রক্রিয়া অবলম্বন, বহু জাতীয় কোম্পানীগুলোর বাণিজ্যিক ডিম ও মুরগী উত্পাদন এবং আড়ত্দারী ব্যবসায় বন্ধ, পুঁজির ঘাটতি দূরীকরণ ও পোল্ট্রি বান্ধব মন্ত্রী নিয়োগ।
জেলা পোল্ট্রি খামার সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আওয়ালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পোল্ট্রি খামার সমিতির কার্যকরী সদস্য শওকত হোসেন মোল্লা, সখীপুর উপজেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
