আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, আসুন জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সকল সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে আবার আমরা মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ বাস্তবায়নে জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি, গড়ে তুলি বাঙালি জাতির আলোকজ্জ্বল ভবিষ্যত্।
শনিবার এক বিবৃতিতে সৈয়দ আশরাফ আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে সূচিত উন্নয়নের ধারাকে বেগবান করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন ও সুশাসন প্রতিষ্ঠা করে একটি উদার মুক্ত সহিষ্ণু অসামপ্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে সার্থকরূপে বাস্তবায়ন করাই হোক নতুন বছরে আমাদের অঙ্গীকার।
