ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাবেক গণমাধ্যম উপদেষ্টার প্রকাশিত একটি বই সমপ্রতি ভারতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সাবেক উপদেষ্টা সঞ্জয় বরুর লেখা ওই বইতে দাবি করা হয়েছে, কংগ্রেসের গত দুই মেয়াদের সরকার পরিচালনায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে আত্মসমর্পন করেন মনমোহন সিং। গত শুক্রবার বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মর্মাহত হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
চলতি লোকসভা নির্বাচনের সময় এই বইটি বিজেপির হাতে একটা মোক্ষম অস্ত্র তুলে দিবে বলে মনে করা হচ্ছে। কারন বিজেপি অনেক আগে থেকেই বলে আসছে দেশে মনমোহন সিং ও সোনিয়া গান্ধী নামের দুটি সরকার চালু আছে। বইতে সঞ্জয় বরু দাবি করেছেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চেয়ে কংগ্রেস দলের তথা সোনিয়ার গান্ধীর সিদ্ধান্তই বহাল থেকেছে। এতে সরকারি কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ২০০৪ সাল থেকে ২০১৪ সালের মেয়াদের সরকারের গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাপারেও সিদ্ধান্ত নেন সোনিয়া গান্ধী। সঞ্জয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, দেশে দুটি সরকার বলতে কিছু নেই। তবে দলের সভাপতি ক্ষমতার মূল কেন্দ্র। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পন করেন বলে মনে করেন লেখক। তিনি লিখেছেন, পল্লী উন্নয়নের সব ক্রেডিট রাহুলকে দেওয়া হয়।
