যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে রাজনীতি থেকে মূল্যবোধ, বিনয় হারিয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা স্বার্থপরের মতো আচরণ করছেন উল্লেখ করে তিনি বলেন, নেতার প্রতি জন আস্থা যদি তলানিতে চলে যায়, তাহলে দেশের কি হবে। তিনি মন্ত্রীকে খুশি করার জন্য ফুল, তোরণ, ক্রেস্ট, সোনার নৌকা উপহার না দিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার বিকালে নগরীর ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট চত্বরে চট্টগ্রাম চেম্বারের পলোগ্রাউন্ড আন্তর্জাতিক বাণিজ্য মেলার পদক ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগ মন্ত্রী উপরের কথাগুলো বলেন। তিনি বলেন, ভাষণের চেয়ে একশন দরকার। এদেশের মানুষ এখন কাজ চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএ লতিফ এমপি ও ওয়াসেকা আয়শা খান এমপি। সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুন নেওয়াজ সেলিম, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ।
