পয়লা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ বলেছেন, দৃশ্যমান অদৃশ্যমান সব ধরনের ঝুঁকির কথা বিবেচনায় রেখেই পয়লা বৈশাখ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এ জন্য তিনি নগরবাসীর সহায়তা চেয়েছেন। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান , ইব্রাহিম ফাতেমীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ডিএমপি কমিশনার বলেন, বৈশাখী উত্সব বাঙালির দেশীয় সংস্কৃতির প্রাণের উত্সব, এ সময় রাজধানীর কোথাও দেশীয় সংস্কৃতিবিরোধী কর্মকাণ্ড করতে দেয়া হবে না। জঙ্গি তত্পরতা মনিটরিং করা হবে। দুইটি ইউনিটসহ গোয়েন্দারা জঙ্গিদের তত্পরতা প্রতিনিয়ত মনিটরিং করবে। তিনি আরও বলেন, উত্সব নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২২টি জায়গায় ব্যারিকেড দেয়া হবে। ১০টির মধ্যে ৬টি পথ দিয়ে রমনা পার্কে প্রবেশ করা যাবে। আর বের হতে হবে ৪টি পথ দিয়ে । সন্ধ্যা ৬টার মধ্যে সবগুলো অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। বর্ষবরণের কেন্দ্রস্থল রমনা বটমূল, টিএসসি ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ, হাতব্যাগ ইত্যাদি না আনার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া প্রকাশ্যে ধূমপান থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া সঙ্গে আনা শিশুদের পকেটে ঠিকানা রাখার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার। কোনো ধরনের গোলযোগ হলে তাত্ক্ষণিকভাবে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ও উপনিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলা হয়েছে। যানচলাচলে নির্দেশনা :বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার বেশ কয়েকটি রুটে নিয়মিত ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন এনেছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী মিরপুর থেকে বিভিন্ন রুটের যেসব বাস ফার্মগেট হয়ে গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে সেগুলো সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে। অথবা হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামটর দিয়ে বামে মোড় নিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। অপর দিকে মোহাম্মদপুর হতে যেসব বাস মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে সেগুলো মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। টঙ্গী-এয়ারপোর্ট হতে যেসব বাস গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে তাদেরকে টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণী হয়ে বামে মোড় নিয়ে বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং হয়ে বামে মোড় নিয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে আসা-যাওয়া করতে হবে। ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যে সব বাসরুটের গাড়ি গুলিস্থান, ফুলবাড়িয়া যাতায়াত করে সে সব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব হয়ে সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং দিয়ে সোজা আজিমপুর বেবী আইসক্রীম মোড় ধরে সোজা গোলাপশাহ মাজার বামে মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশিবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে : বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং। পিজি ক্রসিং-মত্স্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত। রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মত্স্য ভবন ক্রসিং পর্যন্ত। নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং। পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং। বকশিবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং। পার্কিং : টিএন্ডটি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিকের গাড়িসমূহ)। কার্জনহল থেকে আব্দুলগনি রোড (দক্ষিণ দিকের গাড়িসমূহ)। কার্জনহল থেকে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)। মত্স্যভবন থেকে সেগুনবাগিচা (পূর্ব দিকের গাড়িসমূহ)। বেইলী রোড (ভিআইপি গাড়ী পার্কিং)। কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিকের গাড়িসমূহ)। মিন্টো রোড (মিডিয়া গাড়ি পার্কিং)। পুলিশের প্রয়োজনীয় ফোন নম্বর:পুলিশ কন্ট্রোলরুম-৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১৭১৩-৩৭৩১১৯ ডিএমপি ফোন নং-৯৯৯ পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনাপার্ক)-২৫৩৩ (ডিএমপি) (অনুষ্ঠানকালীন) রমনা থানা- ০১৭১৩৩৭৩১২৫, শাহবাগ থানা-০১৭১৩৩৭৩১২৭, ধানমন্ডি থানা- ০১৭১৩৩৭৩১২৬ ।