হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসীদের স্থান বাংলাদেশে হবে না। সব ধর্মের মানুষ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাস্তিকরূপী দুষ্টদের এদেশ থেকে বিতাড়িত করবে। যারা ১৩ দফা মানবে তারা আমাদের বন্ধু। যারা মানবে না তারা ইসলামের দুশমন। গতকাল শনিবার নগরীর লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালাত সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আহমদ শফী আরো বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে তাদেরকে তাওহীদী জনতার ঈমানের দাবি ১৩ দফা মানতে হবে। বিভ্রান্তি ও মিথ্যার অন্ধকার ছেড়ে সত্যের আলোয়, ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করতে নাস্তিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী কেন্দ্রীয় নেতা মুফতি ওয়াক্কাস ও মুফতি হারুন ইজহারসহ সকল ওলামায়ে কেরামের মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
গতকাল শানে রেসালত সম্মেলনে পালাক্রমে সভাপতিত্ব করেন মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী ও মাওলানা লোকমান হাকিম।
