সরকারি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমরান হোসেন ওরফে জুলহাসের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। জুলহাস মুন্সী একটি মেসে ভাড়া থাকত। শুক্রবার রাতের খাবারের পর সে অসুস্থ হয়ে পড়লে তাত্ক্ষণিক শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক রিয়াজুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছার পূর্বেই জুলহাসের মৃত্যু হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গতকাল শনিবার জুলহাসের পিতা ছেলের লাশের ময়নাতদন্তের জন্য আবেদন জানান। পরে জুলহাসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
