সিলেটের ৬টি শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি সংক্রান্ত জটিলতার অবসান হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে সিলেটের সব কটি শুল্ক স্টেশন দিয়ে পুরোদমে কয়লা আমদানি শুরু হবে বলে জানিয়েছেন কয়লা আমদানিকারকরা।
এদিকে সিলেটের এই ৬টি শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ থাকায় সরকারের দৈনিক রাজস্ব ক্ষতি হচ্ছে ১৫ কোটি টাকা। কর্মকর্তারা জানান, ভারতে নির্বাচন ও পয়লা বৈশাখের বন্ধ থাকার কারণে মঙ্গলবারের আগে আমদানি সম্ভব হবে না।
কয়লা আমদানিকারকদের সংগঠনের সাধারণ সমপাদক চন্দন সাহা জানান, ১ শতাংশ ট্যাক্স আরোপিত হওয়ায় গত ১ এপ্রিল থেকে সিলেটের ৬টি স্টেশন দিয়ে কয়লা রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় রপ্তানিকারকরা। উদ্ভূত পরিস্থিতিতে ইটের ভাটার মালিকরা বিপাকে পড়েন। এ সব স্টেশন দিয়ে বছরে যে পরিমাণ কয়লা আসে তা দিয়ে দেশের ইট ভাটাগুলোর জ্বালানির ৭০ শতাংশ যোগান হয়ে থাকে।
