রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে।
গতকাল ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচের সাথে রংপুর-ঢাকা মহাসড়কের আংড়ার ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও শিশুসহ ২৯ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন-অঞ্জনা (৩২), মানিক মিয়া (৩০), ওসমান গনি (৪৮), ইসলাম উদ্দিন (৩৫) ও চন্দনা (২৮)। নিহত ও আহতদের অধিকাংশের বাড়ি নীলফামারীর ডিমলা ও ডোমার উপজেলায় বলে জানা গেছে।
এদিকে শুক্রবার রাতে রংপুর মহানগরীর নদ্বিগঞ্জ কলাবাড়ী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। কলাবাড়ী এলাকার মধু, শফিকুল ইসলাম ও আব্দুর রশিদ মোটরসাইকেল যোগে সাতমাতা এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মধু এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শফিকুল ইসলামের মৃত্যু হয়। আহত আব্দুর রশিদকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
