গণজাগরণ মঞ্চ

মুখপাত্রের পদ থেকে ইমরানকে অব্যাহতি দিল একটি অংশ

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:২৮
‘বিতর্কিত হয়ে যাওয়ায়’ গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে ‘অব্যাহতি’ দিয়েছে মঞ্চের একটি পক্ষ। নিজেদের ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ দাবি করে পক্ষটি বলছে, শিগগিরই একটি মুখপাত্র প্যানেল তৈরি করা হবে। আর আগামী ১৮ এপ্রিলের মধ্যে মঞ্চের নীতি নির্ধারণী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে মুখপাত্র পরিবর্তনের বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ এবং মঞ্চকে ‘বিতর্কিত করার কৌশল’ বলে মন্তব্য করেছেন ইমরান এইচ সরকার। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ ব্যানারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইমরানকে অব্যাহতি দেয়ার এ ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’-এর পক্ষে কামাল পাশা চৌধুরী বলেন, গণজাগরণ মঞ্চের দাবি ও আন্দোলন দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির আন্দোলন। তাই বিতর্কিত হয়ে যাওয়ার কারণে ইমরান এইচ সরকারকে মঞ্চের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি বলেন, ইমরানের কোনো কর্মসূচি ও বক্তব্য গণজাগরণ মঞ্চের বক্তব্য ও কর্মসূচি হিসেবে গৃহীত হবে না। পাঁচ সদস্যবিশিষ্ট একটি মুখপাত্র প্যানেল সম্মিলিতভাবে মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। অচিরেই প্যানেল সদস্যদের নাম ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরব ’৭১-এর সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন, মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ মিজবাহ, অপরাজেয় বাংলার সভাপতি এইচ রহমান মিলু। এ বিষয়ে জানতে চাইলে ইমরান এইচ সরকার আওয়ামী লীগের একটি অংশকে দায়ী করে বলেন, সাংবাদিক সম্মেলনটি সত্ উদ্দেশ্যে করা হয়নি। গণজাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়। এর মুখপাত্র হিসেবে আমাকে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে নির্ধারণ করা হয়েছে। এতে কোনো পরিবর্তন আসলে সকলের মতামতের ভিত্তিতেই হবে। কারো একক ঘোষণায় এটি পরিবর্তন হতে পারে না। এভাবে তারা গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার চেষ্টা করছেন।