অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সংকেত ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ফলে বিমানটি খুঁজে পাওয়া দুষ্কর এবং পাওয়া গেলে বড় ধরনের একটি কাজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী বলেন, ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকায় যে সিগন্যাল পাওয়া গেছে সেগুলো যে ওই বিমানেরই সেই বিষয়ে তিনি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। সিগন্যালগুলো সব বিমানের ব্ল্যাক বক্সেরই। তবে গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। তিনি বলেন, অনুসন্ধান অভিযানে আমাদের প্রচেষ্টাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। টনি অ্যবোট বর্তমানে সরকারি সফরে চীনে রয়েছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, সিগন্যালের বিষয়ে নিশ্চিত হওয়ায় অনুসন্ধান এলাকা সংকীর্ণ করা হয়েছে। তিনি বলেন, ব্ল্যাক বক্সের ব্যাটারি শেষ হওয়ার আগেই তদন্ত দলকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করতে হবে। অনুসন্ধানে নিয়োজিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী জানান, কয়েক কিলোমিটারের মধ্যেই ব্ল্যাক বক্স আছে। তবে তিনি তার আত্মবিশ্বাসের কারণ ব্যাখ্যা করে বলেন, আমরা বেশকিছু সংকেত সনাক্ত করেছি। কয়েকটি বেশ দীর্ঘ সময় ধরে। এরপরও আমরা যে ব্ল্যাক বক্স থেকে সংকেত পেয়েছি বলে নিশ্চিত তা ক্ষীণ হয়ে আসার সময় ঘনিয়ে আসছে। উল্লেখ্য, গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ৩৭০ বিমানটির ২৩৯ জন যাত্রীর দুই-তৃতীয়াংশ যাত্রীই ছিল চীনা নাগরিক।
