পঞ্চম দফায় চার রাজ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:৩২
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের লোকসভার পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসাম, ত্রিপুরা, সিকিম ও গোয়ার মোট সাতটি আসনে ভোটগ্রহণ চলে। একইসঙ্গে নির্বাচন হচ্ছে সিকিম বিধানসভার ৩২টি আসনেও। গতকাল সকাল থেকেই ত্রিপুরার পূর্ব, আসামের শিলচর, করিমগঞ্জ ও কার্বি আংলং, সিকিম, উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়ার বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। এদিন ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট ৭৪ প্রার্থীর। তবে সবচেয়ে জোরদার লড়াই হবে ত্রিপুরা পূর্ব কেন্দ্রের সিপিএমের জিতেন্দ্র চৌধুরি ও তৃণমূল প্রার্থী ভৃগুরাম রিয়াং-এর মধ্যে। বাম ঘাঁটি ত্রিপুরায় এবার অনেকটাই দুর্বল সিপিএম। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রচার করে যাওয়ার পর প্রবলভাবে পরিবর্তনের হাওয়া বইছে ত্রিপুরায়। এই আসনে মোট প্রার্থী ১২ জন। ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। রাজ্যে ২শ’ ৭০টি অতি স্পর্শকাতর বুথ থাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ৩৫ কোম্পানি। সিকিমের একমাত্র লোকসভা আসনে প্রার্থী সংখ্যা ছিল ছয়। মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৩২৬ জন। পাশাপাশি এদিন আসামে ভাগ্য নির্ধারিত হয় শিলচরের হেভিওয়েট কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী কবীন্দ্র পুরকায়স্থ, করিমগঞ্জে ললিতমোহন শুক্লবৈদ্য ও কৃষ্ণা দাস এবং কার্বি আংলং স্বশাসিত জেলায় বীরেসিং ইংতি ও জয়রাম ইংলেং-এর। আসামের বাকি ছ’টি লোকসভা আসনে ভোট হবে আগামী ২৪ এপ্রিল।