এবার বিয়ের তথ্য গোপন করার বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল কংগ্রেস। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের ডোডায় কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবি আজাদের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় এ নিয়ে মোদীকে একহাত নিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও। প্রশ্ন তুললেন মোদীর নির্বাচনী হলফনামায় প্রথমবার নিজেকে ‘বিবাহিত’ উল্লেখ করা নিয়ে। তবে কংগ্রেসের প্রতিক্রিয়ার পাল্টা জবাবও দিয়েছে বিজেপি।
শুক্রবার হলফনামা নিয়ে মোদীর বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান কংগ্রেস নেতা কপিল সিবাল। তার বক্তব্য, আগের নির্বাচনী হলফনামাগুলিতে তিনি বিয়ে নিয়ে তথ্য গোপন করে আইন ভেঙেছেন। তাই তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেয়া উচিত। কপিল সিবাল বলেন, এটা কেবল মোদীর ব্যক্তিগত বিষয় নয়। তিনি তার পরিবারের সকল সদস্য ও তাদের সম্পদ বিবরনী জনসম্মুখে প্রকাশ করতে আইনগতভাবে বাধ্য। মোদির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও। হলফনামার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের সম্বলে তিনি বলেছেন, তিনি মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদী কখনও দেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। এই মিথ্যা হলফনামার জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য নির্বাচন কমিশন ও গুজরাট সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। একই কারণে মহিলা কংগ্রেস কর্মীরা মোদির বিরুদ্ধে দিলী্লতে শুক্রবার বিক্ষোভ করেন। উল্লেখ্য, ভদোদরা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় যশোদাবেনকে বিয়ে করেছেন বলে উল্লেখ করেছেন মোদি। এর আগে চারটি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হলফনামায় নিজের বিয়ের কথা উল্লেখ করেননি তিনি। ফলে ভদোদরা কেন্দ্রের প্রার্থী হিসাবে নিজের হলফনামায় এই বিয়ের উল্লেখ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়?
