মুন্সীগঞ্জে নির্বাচনী কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় ২২ দিনেও মামলা হয়নি

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২৩:৩২
গজারিয়ায় সহকারী রির্টানিং অফিসার ও ইউএনও ড. এটিএম মাহবুব-উল-করিমের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মামলাটি ২২ দিনেও রুজু হয়নি। মামলাটি গ্রহণের জন্য স্বরাষ্র্ব মন্ত্রণালয় থেকে টেলিফোনিক আলাপ এবং দু’দফা জরুরি পত্র দিয়েও মামলা রুজু করানো যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করায় কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো.হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার এই সময় শেষ হয়ে গেলেও জবাব দেননি এই এসপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে-তাই বিভাগীয় ব্যবস্থা নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে রির্টানিং অফিসার ও ইউএনও লাঞ্ছিত হওয়ার ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই কমিটি গজারিয়ায় এসে ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। এই কমিটির ১২ এপ্রিলের মধ্যে রিপোর্ট দেয়ার কথা রয়েছে। তবে কমিটির প্রধানমন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এনএম জিয়াউল আলম শনিবার বিকালে জানিয়েছেন, রিপোর্ট পেশ করতে আরও সময় লাগবে। তাই ১৫ দিন সময় বর্ধিত করার জন্য পত্র দেয়া হয়েছে।