ডিএসই’র লেনদেনে যান্ত্রিক ত্রুটি দুই ঘণ্টা লেনদেন বন্ধ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২০:৪৮
গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কার্যক্রমে যান্ত্রিক ত্রুটির ফলে দুই ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। সকাল সাড়ে দশটায় লেনদেন শুরুর পরপরই ত্রুটি দেখা দেয়। ফলে লেনদেন বন্ধ করে দেয় ডিএসই কর্তৃপক্ষ। এরপর যান্ত্রিক ত্রুটির সমাধান করে দুই ঘণ্টা পর ফের লেনদেন শুরু হয়। এসব প্রসঙ্গে ডিএসই’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল সাড়ে ১০টায় যথারীতি লেনদেন শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শুরুতে ট্রেকহোল্ডাররা ট্রেডিং সফটওয়্যারে লগইন করতে পারলেও পরবর্তী সময়ে ধীর ধীরে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হতে থাকে। ফলে অধিকাংশ ট্রেকহোল্ডার লেনদেনে অংশ নিতে পারেননি। এ প্রেক্ষিতে লেনদেন স্থগিত করা হয়েছে। ডিএসই জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ১০টায় ডিএসইর ট্রেডিং কার্যক্রম যথারীতি শুরু হওয়ার পর কিছু ব্রোকারেজ হাউজের ট্রেডিং সার্ভার ও ট্রেডার ওয়ার্ক স্টেশন ডিএসই’র মূল ট্রেডিং সার্ভার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নতুনভাবে কোন সংযোগও স্থাপন করা যাচ্ছিল না। এ অবস্থায় ডিএসই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে ডিএসই’র ট্রেডিং সিস্টেমের সমস্যা দূর করতে মূল নেটওয়ার্ক ও ট্রেডিং সিস্টেমের লগ-অন সংক্রান্ত টেকনিক্যাল সার্ভিসগুলো পর্যালোচনা করে ধারাবাহিকভাবে পুনরায় চালু করার ফলে সমস্যা দূর করা হয়। ফলে সকল ব্রোকার সার্ভার ও ট্রেডার ওয়ার্ক ষ্টেশনগুলো পর্যায়ক্রমে সফলভাবে ট্রেডিং সিস্টেমে পুনঃসংযোগ স্থাপন করতে সমর্থ হয়। পরবর্তীতে দুপুর সোয়া ১টায় ট্রেডিং কার্যক্রম পুনরায় চালু করা হয়; যা দুপুর সোয়া ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকে। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘণ্টা লেনদেন বন্ধ থাকার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার বিএসইসি ডিএসইকে প্রতিবেদন দাখিলের মৌখিক নির্দেশনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে গতকাল দিনের শুরুতে লেনদেনের সময় ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও শেষদিকে সূচক কমে গেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯৬ কোটি ৫৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।