কুষ্টিয়ার মিরপুরে ক্যাপসিকাম চাষ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪১
কুষ্টিয়া মিরপুর উপজেলা তামাক চাষের জন্য প্রসিদ্ধ। এবারও কৃষি বিভাগের অনুত্সাহ সত্ত্বেও এ উপজেলায় মোট ২২ হাজার হেক্টর আবাদি জমির মধ্যে রেকর্ড পরিমাণ প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে তামাকের চাষ হচ্ছে। অখাদ্য তামাক চাষের বিকল্প হিসাবে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহমান (৪০) ও তার বন্ধু কুষ্টিয়া শহরের কালিশঙ্করপুর এলাকার লুত্ফর রহমানের ছেলে রাসেল (৩৫) ফুলবাড়ীয়া মাঠে পরীক্ষামূলকভাবে ১০ কাঠা জমিতে ক্যাপসিকাম চাষ করছেন। ভিন্ন জাতের ক্যাপসিকাম রুচিশীল খাবারের অন্যতম অনুষঙ্গ ‘সালাদ’র বিকল্প হিসাবে ব্যবহূত হয়। ইতিমধ্যে দুই বন্ধুর সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের পহেলা জানুয়ারি শুরু করা ভিন্ন প্রজাতির ক্যাপসিকাম ক্ষেতে সবুজের সমারোহ ঘটেছে।