যুক্তরাষ্ট্র সফররত নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম বলেছেন, যারা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের মুখ থেকে অনেক কথাই বেরিয়ে আসতে পারে। তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে হতাশ হওয়ার কিছু নেই। বিএনপি এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তাই ইতিহাস বিকৃত করে দলের নেতারা নিজেদের আলোচনায় রাখতে চাইছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মোর্শেদ আলম।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরন্নবীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেন, নূরুল আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ প্রমুখ।
