ইব্রাহিম কুট্টি হত্যা মামলার অভিযোগ পত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দাখিল করা হয়েছে। এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ওই মামলার এজাহার দাখিল করা হয়েছিলো। গতকাল রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি দরখাস্তের মাধ্যমে অভিযোগপত্রটি দাখিল করেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী।
সাঈদীর আইনজীবী এসএম শাহজাহান দাবি করেন, ইব্রাহিম কুট্টির স্ত্রী মমতাজ বেগমের দায়েরকৃত এজাহার ও পুলিশের তদন্ত রিপোর্টে (অভিযোগ পত্র) ১৩ জন আসামির মধ্যে সাঈদীর নাম নেই। সাঈদীর বিরুদ্ধে আলোচিত অভিযোগ এই ইব্রাহিম কুট্টিকে হত্যা। এ অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পিরোজপুর এবং বরিশাল সফর করেন। সফর শেষে গত ৯ এপ্রিল তিনি আদালতে বলেন, পিরোজপুর এবং বরিশালের জেলা জজ আদালতে কোথাও এ মামলার কাগজ পাওয়া যায়নি। আসামি পক্ষ মমতাজ বেগমের মামলার নথি বলে যে ডকুমেন্ট জমা দিয়েছে তা জাল, মিথ্যা এবং মামলার প্রয়োজনে সৃজনকৃত। এ কাগজ বিবেচনায় না নেয়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়েছে।
