মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের ব্যাটারির আয়ু শেষ হয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল ভারত মহাসাগরের বিমাটির তল্লাশিতে নিয়োজিত কর্মকর্তারা ৪টি সংকেত পেয়েছেন। সংকেতগুলো হারিয়ে যাওয়া বিমানের ব্ল্যাক বক্সের বলে নিশ্চিত করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। খবর এপি’র।
গত মঙ্গলবার থেকে কোনো সংকেত পাওয়া যায়নি। গতকাল রবিবারও নতুন কোনো সংকেত না পাওয়া গেলেও অভিযান এখনো অব্যাহত আছে। তবে ধারণা করা হচ্ছে পানির নীচে থাকায় ব্যাটারির চার্জ হয়তো ফুরিয়ে গেছে। তাই আর কোনো সংকেত পাওয়া যাচ্ছে না। ফলে নিখোঁজ বিমানটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া সম্ভব নাও হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এমন ইঙ্গিতই শনিবার দিয়েছিলেন টনি অ্যাবোট। তিনি বলেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সংকেত ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ফলে বিমানটি খুঁজে পাওয়া দুষ্কর এবং পাওয়া গেলে বড় ধরনের একটি কাজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকায় যে সিগন্যাল পাওয়া গেছে সেগুলো যে ওই বিমানেরই সেই বিষয়ে তিনি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। সিগন্যালগুলো সব বিমানের ব্ল্যাক বক্সেরই। তবে গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। তিনি বলেন, অনুসন্ধান অভিযানে আমাদের প্রচেষ্টাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। টনি অ্যবোট বর্তমানে সরকারি সফরে চীনে রয়েছেন। উল্লেখ্য, গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ৩৭০ বিমানটির ২৩৯ জন যাত্রীর দুই-তৃতীয়াংশ যাত্রীই ছিল চীনা নাগরিক।
