আম আদমির ৮৬ প্রার্থী কোটিপতি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৫৮
ভারতের আলোচিত রাজনৈতিক দল আম আদমির সৃষ্টি হয়েছিল দুর্নীতিবিরোধী স্লোগান দিয়ে। কিন্তু যতোই দিন যাচ্ছে ততই দলটির বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি লোকসভা নির্বাচনে এই পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, দলটির প্রার্থীদের মধ্যে ৮৬ জন কোটিপতি। প্রতিদিনই এই কোটিপতির সংখ্যা বাড়ছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা নামের একটি সংস্থা জানিয়েছে, প্রথম পাঁচ দফার নির্বাচনে এএপি’র ২০০ প্রার্থীর মধ্যে অন্তত ৮৬ জন কোটিপতি। তাদের দেওয়া সম্পত্তির বিবরণীতে এই তথ্য পাওয়া গেছে। বেঙ্গালুরুতে এএপি’র প্রার্থী সাবেক ইনফোসিস সিইও বালাকৃষ্ণানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৮৯ কোটি টাকা। অন্যদিকে, মোট ৪০০ জন প্রার্থীর নির্বাচনী প্রচারের জন্য বর্তমানে এএপি’র যৌথ তহবিলে ২৫ কোটি টাকার বেশি নেই। ইতিমধ্যেই দলটির তহবিল অর্থ সঙ্কটে ভুগছে। এএপি’র অনান্য কোটিপতিদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের অঞ্জলি ডামানিয়া (১৯ কোটি টাকা), অবসরপ্রাপ্ত জেনারেল আরএস কাদিয়ান (১৩ কোটি টাকা), অভিনেত্রী,সমাজকর্মী গুল পানাগ ( ১২ কোটি টাকা)। বহু সাংবাদিক তাদের পেশা ত্যাগ করে আম আদমি পার্টিতে যোগদান করেছিলেন। তাদের অনেকেই এবারের নির্বাচনে দলের হয়ে লড়ছেন। কোটিপতিদের লিস্টে এসব সাংবাদিকরাও বেশ দাপটের সঙ্গেই আছেন। স্টার নিউজের সাবেক সঞ্চালিকা সাজিয়া এলমির সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। পিছিয়ে নেই অনিতা প্রতাপ (২০ কোটি টাকা), আশুতোষ (৮ কোটি টাকা), আশিষ খেতান (১ কোটি টাকা), জার্নাল সিং (১ কোটি টাকা)। দলের অন্যতম প্রধান নেতা গুরগাঁওয়ের প্রার্থী যোপ্রন্দ্র যাদব ব্যক্তিগত ২ কোটি টাকার মালিক।