বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন জোরদার করে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন সরকার দখল করে নিয়েছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিয়ে সংসদ নির্বাচন দিতে হবে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাটে উপজেলা নির্বাচনের প্রচারণাকালে এক পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ধংস করেছে। এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতির কারণে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। হলমার্ক, ডেসটিনিসহ বড় বড় প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে।
পথসভায় ১৯ দলীয় জোট প্রার্থীরা ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কেন্দ ীয় ছাত্রদলের সহ-সভাপতি কামাল হোসেন, মামুন অর রশিদ, রেদওয়ানুল হক রেদোশাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
