আমি সোনিয়া আক্তার মৌ আফাজ উদ্দিন হাই স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে অবস্থিত এই বিদ্যাপিঠটি ধামরাই এর সফল ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ্জ মো. তমিজ উদ্দিন তাঁর পিতার নামে ১৯৮৮সালে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে বিদ্যালয়টির সাথে কলেজ শাখা সংযুক্ত হয় এবং প্রতিষ্ঠানটির নামকরণ হয় আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ। ২.৩৭ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এ বিদ্যাপিঠের সামনে রয়েছে একটি বড় খেলার মাঠ। আরও রয়েছে দৃষ্টিনন্দিত ফুলের বাগান, সুসজ্জিত বিজ্ঞানাগার, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব। উন্মুক্ত পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানটির পরিবেশ অত্যন্ত মনোরম। এতে শিক্ষক রয়েছেন ২২ জন। শিক্ষার্থীর সংখ্যা ৯৭৮ জন। আমাদের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন একজন বিএস-সি (সম্মান), এমএস-সি। অন্যান্য শিক্ষকবৃন্দও সুযোগ্য। সর্বস্তরের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ফলাফল সন্তোষজনক। ২০১৩ সালে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাশের হার ৯১.০২%। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৯০%। বিগত ৮ বছর যাবত এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে অত্র প্রতিষ্ঠানটি উপজেলায় শীর্ষস্থানে আছে। পাঠ আদান প্রদান, শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, শরীরচর্চা সহ সবকিছুতেই শিক্ষকগণ আন্তরিক ও যত্নশীল। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চলে নানা প্রকার আচার অনুষ্ঠান। বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন সিদ্দিকী রাশেদ, প্রতিষ্ঠাতা আলহাজ্জ মো. তমিজ উদ্দিন, সকল সদস্য, শিক্ষক, সম্মানিত অভিভাবক, এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সরকারি সহযোগিতায় বিদ্যাপিঠটি ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলেছে। চারপাশে অফুরন্ত সবুজের সমারোহ ও মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে অবস্থিত আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ আমার প্রিয় বিদ্যাপিঠ, এটি আমাদের অহংকার।
