শেয়ারবাজারে গতকাল বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও সূচক ও লেনদেন বেড়েছে। বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির জোরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল লেনদেন হওয়া ৮০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩ ভাগেরও বেশি। অর্থাত্ এ কোম্পানিগুলো ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তাই বেড়েছে লেনদেনও।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ১৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২২ কোটি ৮৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে আজ থেকে ডিএসইতে চালু হচ্ছে লেনদেন নিষ্পত্তির নতুন সময়সীমা টি+২। এর ফলে চারদিনের পরিবর্তে তিন দিনে শেয়ার লেনদেন সম্পন্ন হবে। এর আগে কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকের পর টি+২ কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ডিএসই কর্তৃপক্ষ। আর বিদেশি ক্রেতা-বিক্রেতার জন্য লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+৫ নির্ধারণ করা হয়। নতুন পদ্ধতি কার্যকর হলে বিদেশি ক্রেতা-বিক্রেতাদের ক্ষেত্রেও লেনদেন নিষ্পত্তির সময়সীমা একদিন কমে আসবে। তবে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার টি+২ এর আওতায় পড়বে না।
