ভ্রমণ পরিচালনার ক্ষেত্রে ট্যুর অপারেটরদের আয়ের উপর (ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত অর্থ) ১০ শতাংশ হারে আয়কর কর্তনের বিধান বাতিলের দাবি জানিয়েছে ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনের প্রতিনিধিরা বলেন, ট্যুর অপারেটরের ক্ষেত্রে যে অর্থ ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকে তা হোটেল, যানবাহন, খাদ্য ও পানীয়, দর্শনীয় স্থানে প্রবেশমূল্য ইত্যাদি বাবদ খরচ করে থাকে। এই প্রাপ্ত অর্থ থেকে লভ্যাংশের পরিমাণ মোট অর্থের ৫ থেকে ৭ শতাংশ। তাই ১০ শতাংশ আয়কর কর্তনের এই বিধান যুক্তিযুক্ত নয়। এইহার কমানো দরকার।
এছাড়া তারকামান হোটেল-গুলোতে ডলারের লেনদেনে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিনিময় হার চালু করা, হোটেলের সার্ভিস চার্জের উপর ভ্যাট আরোপ না করা, পর্যটকদের মানসম্পন্ন যানবাহন সরবরাহের লক্ষ্যে করমুক্ত যানবাহন আমদানির অনুমোদন দেয়া, টোয়াবের যোগ্য সদস্যদের ক্ষেত্রে বন্ধ থাকা কারনেট সুবিধা আবার চালু করার দাবি জানান তারা।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ, বাংলাদেশ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাসোসিয়েশন, ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন, ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশ অব বাংলাদেশসহ ১৩টি সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বৈঠকে এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করীম, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, এফবিসিসিআইয়ের অতিরিক্ত সচিব শাহ আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
