ফোকাস

কন্যা সন্তানের ‘মা’ পূর্ণিমা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২০:৩৪
বেশ কিছুদিন আগেই পূর্ণিমা তার শ্বশুরবাড়ি চট্টগ্রাম থেকে এসে ঢাকায় অবস্থান করছিলেন। তখনই তার পরিচিত বন্ধু আর আত্মীয়-স্বজনদের কাছ থেকেই খবরটি পাওয়া যাচ্ছিল। অবশেষে গত রোববার নিজ পরিবারের জন্য সুখবর নিয়ে এলেন চিত্রনায়িকা পূর্ণিমা। একসময়ের দাপিয়ে বেড়ানো ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা এখন কন্যা সন্তানের মা। গত রোববার রাতে ঢাকার উত্তরার সালাউদ্দিন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের খবর পেয়ে পরিবার ও মায়ের অনুভূতি ছিল তুলনাহীন। আর পূর্ণিমার স্বামী ব্যবসায়ী ফাহাদ জামাল বলেন, ‘এখন তো প্রযুক্তির মাধ্যমেই সবকিছু আগে থেকেই জানা যায়। তবে আমরা ইচ্ছে করেই আল্ট্রাসোনোগ্রাম করিনি আগে। কারণ আমরা পুত্র-কন্যা নয়, এক সুস্থ নবজাতক পেয়েই বেজায় খুশি। নিজেদের জীবনে এক অপূর্ণতা ছিল সেটা এখন কেটে গেল।’ উল্লেখ্য, এ বছরের শুরুতেই পূর্ণিমার এই মা হওয়ার খবরটি বেশ চাউর হচ্ছিল শোবিজে। এর আগে কোনো বিশেষ কারণ উল্লেখ না করেই চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে শ্বশুরবাড়ি চট্টগ্রামে নিজের সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন পূর্ণিমা।