দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১৪ এপ্রিল উদযাপন করা হয় একুশে টেলিভিশনের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী। ‘পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ’ এই স্লোগান নিয়ে ২০০০ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় একুশে টেলিভিশনের। যাত্রা শুরুর পর থেকেই মূলত অনুষ্ঠানের আঙ্গিকে বরাবরের স্বকীয়তা বজায় রেখেছে এই চ্যানেলটি।
পহেল বৈশাখ থেকে টেলিভিশনের পর্দায় চারদিনব্যাপী বর্ণিল আয়োজনের পাশাপাশি গত ১৪ এপ্রিল সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। কাওরান বাজার পেট্রোবাংলার সম্মুখে আয়োজন করা হয় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈশাখী আয়োজন প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, ‘আমরা সবাই বছরের এই একটি দিনের জন্য অপেক্ষা করি। কারণ বাঙালির সবচেয়ে বড় উত্সবের দিনেই একুশে টিভির জন্ম। আজকের স্যাটেলাইট চ্যানেলের যাবতীয় অনুষ্ঠানের আঙ্গিকের অধিকাংশই আমরাই শুরু করেছি। তাই শুধু চ্যানেল যাত্রার পথিকৃত্ নয়। এদেশের ভিন্ন ধর্মী অনুষ্ঠানের পথিকৃত্ও আমরাই।’ এদিন বর্ষপূর্তি উপলক্ষে কার্যালয়ে শোবিজ তারকাদের মিলনমেলা ঘটে।
