উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক জায়গায় সম্প্রতি দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্রের নিরবতার সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন (এনডিসি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এমন আচরণের তীব্র সমালোচনা করে। এনডিসির বিবৃতিতে বলা হয়, এর আগে মার্চের ২৬ তারিখ উত্তর কোরিয়া মধ্যম দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু দক্ষিণ কোরিয়া বেসামরিক জায়গায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র নীরব রয়েছে। একই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতিকে ভণ্ডামি হিসাবে আখ্যায়িত করে উত্তর কোরিয়া। বিবৃতিটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএতে প্রকাশিত হয়।
বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দক্ষিণ কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে সেটি এক টনের বিস্ফোরণ ধারণক্ষম এবং তা উত্তর কোরিয়ার যে কোন জায়গায় আঘাত করতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্রের এ ধরনের নীতি অব্যাহত থাকলে উত্তর কোরিয়াও নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে কার্যক্রম চালিয়ে যাবে।
