অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:২৯
কয়েকটিস্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। সৈয়দপুর (নীলফামারী) \ নীলফামারী সৈয়দপুরে মঙ্গলবার সৃষ্ট অগ্নিকান্ডে একটি পরিবারের প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শহরের মিস্ত্রিপাড়া মদিনা রোডস্থ জনৈক দাউদ আলরি বাসায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসার তিনটি কক্ষের টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) \ সিদ্ধিরগঞ্জে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৫টি বসত ঘর, ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার কোনাবাড়ি এলাকার শাহজামালের ভাড়াটিয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার কোনাবাড়িস্থ ব্যবসায়ী শাহজামালের ভাড়াটিয়া বাসায় ১৫টি বসত ঘর রয়েছে। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া হারুন, জীবন, সাইফুল, পারভীন, জলিল, দুলাল, জীবন (২) মাজেদের ঘরসহ ১৫ টি বসত ঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা আসবাব পত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঠাকুরগাঁও \ ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর ও শাসলাপিয়ালা গ্রামে পৃথক অগ্নিকান্ডে ২৪টি পরিবারের ৮০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। সোমবার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক জানান, সোমবার রাতে শাসলাপিয়ালা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে ৮টি পরিবারের ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।