সিলেটে জলমহালে সংঘর্ষ \ আহত ১৫

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:২৯
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বলাউরায় জলমহাল দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সকালের দিকে সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদার লোকজনের সাথে বলাউরার কাশেম ও ছাতকের মুর্শেদ আহমদের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে কান্দিগাঁও ইউনিয়নের ৮টি গ্রামের লোকজন অংশ নেয়। সূত্র জানায়, কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা গ্রাম সংলগ্ন জিলকার হাওরে ডিসকভারি নামক একটি কোম্পানির মাধ্যমে মত্স্য প্রকল্প পরিচালনা করে আসছিলেন শাহজামাল নূরুল হুদা ও ইমাম উদ্দিনসহ তার ৭ জন ব্যবসায়িক অংশীদার। সম্প্রতি ডিসকভারির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। ছাতকের মুর্শেদ আহমদ ও বলাউরার কাশেম গ্রুপ এবং ইমাম উদ্দিন অন্য গ্রুপে অবস্থান নেন। মুর্শেদ ও কাশেম সোমবার সকালে জলমহালে লোকবল নিয়ে সেখানে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোগলগাঁও ও কান্দিগাঁও ইউনিয়নের আউশা, খালপাড়, বলাউরাসহ ৮টি গ্রামের লোকজন অংশ নেন। সংঘর্ষ চলাকালে গুলিবিনিময় হয়।