আবারো শেখ রাসেলে বিধ্বস্ত উত্তর বারিধারা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:২৭
শেখ রাসেল ক্রীড়া চক্র এবং নবাগত উত্তর বারীধারা ক্লাবের খেলা দিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। সে খেলাটিতে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা ৪-০ গোলে পরাজিত করেছিল উত্তর বারীধারাকে। দ্বিতীয় পর্বের প্রথম লড়াইয়ে শেখ রাসেল পাঁচ গোল দেয়। কিন্তু উত্তর বারীধারাও উল্টো দুই গোল দেয় শিরোপাধারীদের। মিঠুন চৌধুরী কাল ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করেছেন। এরপর সারা ম্যাচে বল ফেলতে পারেননি জালে। কোনো সন্দেহ নেই বড় দল হিসাবে ম্যাচে প্রভাব ছিল শেখ রাসেলেরই। তবে বারীধারা ক্লাব হঠাত্ হঠাত্ জ্বলে উঠে দুই বার গোল করেছেন। এটাও তাদের জন্য কম কৃতিত্বের নয়। বারীধরার জন্য যতটা না কৃতিত্বের তার চেয়েও বেশি লজ্জার শেখ রাসেলের। লিগ শিরোপা জয়ের স্টিকার গায়ে সাঁটানো দলটি কেনই বা সবচেয়ে নিচের সারির দলের কাছে দুই গোল হজম করবে। ক্ষোভ তো হতেই পারে কোচ মারুফুল হকের। তিনি জানিয়েছেন, তার রক্ষণভাগের কারণে গোল দুটি হজম করতে হয়েছে।’ যেভাবেই গোল হজম করুক না কেন। এই দল নিয়েই এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে খেলতে হবে শেখ রাসেলকে। শ্রীলংকায় গিয়ে শেখ রাসেল এএফসির টুর্নামেন্টে খেলবে তার রিহার্সালটা এখনই দেখা যাচ্ছে। সতর্ক হওয়ার সময় এখনও আছে। খেলা মে মাসে। শেখ রাসেল ক্রীড়া চক্র লিগের প্রথম পর্বের খেলা শেষ করেছিল বিজেএমসির সাথে যৌথভাবে ৬ নম্বর স্থানে। ৯ খেলায় রাসেলের পয়েন্ট ছিল ১২। গতকাল উত্তর বারীধারাকে হারানোয় শেখ রাসেল গোল গড়ে তিন নম্বর স্থানে। এটাই কাল তাদের বড় পাওয়ায়। লিগে শেখ রাসেল পেলো চতুর্থ জয়। রাসেলের পয়েন্ট এখন ১০ ম্যাচে ১৫ এবং সমান ম্যাচে উত্তর বারীধারা ক্লাবের সংগ্রহ ৬ পয়েন্ট। দলটি এখন আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চ্যাম্পিয়ন শেখ রাসেল কালও তাদের নামের প্রতি বিচার করতে পারেনি। জয় পেয়েও তারা সত্যিকার অর্থে সন্তুষ্ট হতে পারছে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে এগিয়ে ছিল, ৬ মিনিটে মিঠুন, হাইতির ফুটবলার প্যাসকেল ৩২ মিনেট গোল করেন। উত্তর বারীধারা নাইজেরিয়ান কোসোকো ব্যবধান কমিয়েছিলেন ৩৮ মিনিটে ১-২। সেট পিস থেকে সমতা আনার সুযোগ পেয়েও হাতছাড়া করেন বারীধারার অধিনায়ক স্বপন। তিনি বিদেশি ফুটবলারকে না মারতে দিয়ে নিজেই স্পট কিক করে বাইরে পাঠিয়েছেন। দ্বিতীয়ার্ধে রাসেলের জ্যামাইকান ফরোয়ার্ড নিজের প্রথম গোল করেন ৫৫ মিনিটে ৩-১, ৭৫ মিনিটে শাকিল ব্যবধান আরো বাড়ান ৪-১, ৮২ মিনিটে রিকার্ডো নিজের দ্বিতীয় গোল করেন ৫-১। আর খেলা শেষ হওয়ার মুহূর্তে পেনাল্টি পেয়ে শেখ রাসেলের জালে বল রাখেন উত্তর বারীধারা অধিনায়ক স্বপন ২-৫।