এক মাস আগেও টুর্নামেন্টটি ভারতের নির্বাচনের কারণে ভুগছিল ভেন্যু সংকটে। আর আদৌ এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়া উচিত কিনা তা নিয়ে তিন সপ্তাহ আগেই প্রশ্ন তুলেছিল ভারতীয় সুপ্রিম কোর্ট।
সব কিছুর অবসান ঘটিয়ে সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আজ মাঠে গড়াচ্ছে। আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাত্ টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসানকে।
শুধু সপ্তম আসরের ম্যাচ বলেই নয়, মাঠের বাইরের কিছু ঘটনার জন্য আজ বুধবার দিনটি আইপিএলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ে আজ সকালেই যে অনুষ্ঠিত হবে আইপিএলের শুনানি।
তবে কোর্ট নয় মাঠেই চোখ আটকে থাকবে দর্শকদের। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম দিন একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারো স্যাটম্যাক্স সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। আর সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কিছুটা হলেও এগিয়ে থাকবে দলটি। অন্তত পরিসংখ্যান তেমনটাই বলছে। এখন পর্যন্ত দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র দুটি ম্যাচে জিতেছে কলকাতা।
আবার উদ্বোধনী ম্যাচ বলেই কি না বাড়তি প্রেরণা খুঁজতে পারে কলকাতা। আইপিএলের দলগুলোর মধ্যে সবচেয়ে কম সেঞ্চুরি পেয়েছেন কলকাতার খেলোয়াড়রা। কিন্তু যে একটি সেঞ্চুরি এসেছে সেটা যে ওই উদ্বোধনী ম্যাচেই। প্রথম আসরের প্রথম ম্যাচেই ১৫৮ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের শেষ লড়াই হবে ৩০ এপ্রিল পর্যন্ত। এরপর একদিনের বিরতি দিয়ে ২ মে থেকে ভারতের মাটিতে হবে বাকি ম্যাচগুলো। গ্রুপের ৩৬টি খেলাসহ প্লে-অফের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে। ৮ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজ দেশে ১০টি ভ্যুেতে হবে এই লড়াই। ফাইনাল ম্যাচটি হবে ১ জুন মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
