অফিস দল কাস্টমস স্পোর্টস ক্লাব ও নগরীর কদমতলীর পাড়ার দল কল্লোল সংঘ এক সময়ে খেলতো চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে। দল দুইটির দাপটও ছিল তখন। পরবর্তীতে সাংগঠনিক দুর্বলতায় অবনমনের শিকার এই দুই দলের ১-১ গোলের ড্র দিয়েই গতকাল মঙ্গলবার শুরু হলো চলতি মৌসুমের চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী খেলাটিতে বিরতি পর্যন্ত মাঠ ছিল কল্লোল সংঘের দখলে। তারা সুযোগও পেয়েছিল বেশি। এর মধ্যে একটি কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যায় দলটি। ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে সুমনের ক্রসে ইউনুস হেডে বলটি কাস্টমসের জালে পাঠান (১-০)।
কাস্টমস দল বিরতির পর কৌশলের পরিবর্তন এনে গোছানো খেলার মাধ্যমে মাঠের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরই সুবাদে ৮০ মিনিটে একটি চমত্কার আক্রমণ থেকে বক্সে বল পেয়ে যান কাস্টমস স্টাইকার রবীন। তিনি প্রতিপক্ষ রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে দুরন্ত শর্টে গোল করে (১-১) খেলায় সমতা ফেরান।
সিজিকেএস সহ সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী লিগের উদ্বোধন করেন। ক্রীড়া সংগঠক অনুপ বিশ্বাস ছিলেন বিশেষ অতিথি ।
কাস্টমস : সুশীল বর্মন, রবিউল (আজাদ) সোহেল (সাইফুল) শরীফ, সাইফুল, সুজন, রবিন, নজরুল, আশিক (আল আমিন), সাব্বির।
কল্লোল সংঘ : মোবারক, রিদুয়ান, মাহমুদ উল্লাহ, সৈনিক, মুজিব, সুমন, হুমায়ুন, মেহেদি, বাদশা, ইউনুস, আদর (লিমন দেব)।
আজকের খেলা : বাকলিয়া একাদশ বনাম কর্ণফুলী স্পোর্টস একাডেমি বিকেল ৪টায় (এম এ আজিজ স্টেডিয়াম)।
