ঘুরে দাঁড়াতে চায় সিটি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৩০
লিভারপুলের বিরুদ্ধে গত রবিবারের পরাজয়ে লিগ শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায়নি বলে মনে করছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিস। তবে, সেক্ষেত্রে লিগের অবশিষ্ট ম্যাচগুলো জিততে হবে বলেও স্বীকার করেছেন তিনি। হারের ধাক্কা সামলাতে খুব কম সময়ই হাতে পাচ্ছে সিটি। আজ রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে তারা মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা সান্দারল্যান্ডের। এদিকে, গত রবিবারের দ্বিতীয় ম্যাচে সোয়ানসি সিটির মাঠে ডেমবা বার একমাত্র গোলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চেলসি। ফিলিপে কটিনহোর ৭৮ মিনিটের গোলটির আগে লিভারপুলের বিরুদ্ধে সমতায় ছিল সিটি। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সমতা আনাটা, সিটির শক্তিমত্তারই পরিচায়ক বলে মন্তব্য করেছেন ডেমিকেলিস। বলের দখল আর আক্রমণের বিচারে অ্যানফিল্ডে ঐ ম্যাচে সফরকারিরাই শ্রেয়তর ছিল দাবি করে এই আর্জেন্টাইন ম্যানচেস্টার ইভিনিং নিউজকে বলেন, ‘আমাদের শুরুটা ভাল হয়নি। আর প্রথম গোলের আগে তারাই এগিয়েছিল। এরপর তারা প্রচুর সুযোগ সৃষ্টি করতে থাকে। বিশেষ করে অনেকগুলো সেট-পিস পায় তারা। আর একটা কর্নার থেকেই তাদের দ্বিতীয় গোলটি আসে। এরপর দু’দলই আক্রমণ চালাতে থাকে। তবে প্রথমার্ধের শেষ দিকে আমরাই ভাল খেলতে থাকি। তবে দুর্ভাগ্য যে গোল পাইনি।’ নিজেদের ভুলেই সিটিকে ম্যাচ হারতে হয় দাবি করে লম্বাচুলের এই তারকা বলেন, ‘দ্বিতীয়ার্ধের শুরুটা আমাদের জন্য ছিল দুর্দান্ত। ফলে দ্রুতই দুই গোল পেয়ে যাই আমরা। সিলভা হয়তো আরো একটি গোল করতে পারতো। সেক্ষেত্রে আমরাই এগিয়ে যেতাম। কিন্তু উল্টো আমাদের ভুলে তারা গোল পেয়ে বসলো। সবমিলে আমার মনে হয়, ২-২ এ খেলাটা শেষ হলে সেটাই যথার্থ হতো।’ তবে এই হারে সিটির শিরোপা স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়নি বলেই মনে করছেন ডেমিকেলিস। তবে, সেক্ষেত্রে সিটিকে অবশিষ্ট ম্যাচগুলো জেতার পাশাপাশি পয়েন্ট খোয়াতে হবে লিভারপুলকেও। কারণ, অল রেডসদের চাইতে দুই ম্যাচ কম খেললেও সাত পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর লিভারপুলের সমান ৩৪ ম্যাচ খেলা চেলসি আছে সিটির চাইতে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ডেমিকেলিস বলেন, ‘ঐ ম্যাচের ফল নিয়ে আমাদের খুশি হবার কোন কারণ নেই। এখন আমাদের বাকি ম্যাচগুলো জিততে হবে। আর ফুটবল এমন একটা খেলা যেখানে আমরা বাকি ম্যাচে জিততে পারি এবং তারাও হারতে পারে।’ এদিকে হিলসব্রো ট্র্যাজেডির পঁচিশ বছর পূর্তিতে সমর্থকদের জয় উপহার দিতে পেরে দারুণ খুশি স্টিফেন জেরার্ড। ম্যাচ জয়ের পরপরই সমর্থকদের উদ্দেশ্যে আবেগময় এক ভাষণ দেয়া জেরার্ড গতকাল আরো একবার স্মরণ করেছেন হিলসব্রোর নিহত সেই ৯৬ জনের কথা। ১৯৮৯ সালের ঐ ঘটনায় স্বজন হারানো ব্যক্তিদের একজন লিভারপুল অধিনায়ক বলেন, ‘সবাই জানে আমি ব্যক্তিগতভাবে এটা (জয়) কতখানি চাইছিলাম। অনেক মানুষের জন্যই বিষয়টা খুবই আবেগের। তাদের সবার পক্ষ থেকেই আমি কথাগুলো বলছি।’ এদিকে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো চেলসির উদ্ধারকারী হিসাবে আবির্ভূত হয়েছেন ডেমবা বা। প্যারিস সেন্ট জার্মেইর বিরুদ্ধে ৮৭ মিনিটের গোলে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল বৈতরণী পার করার পর সোয়ানসির মাঠে একমাত্র গোলটিও আসে এই সেনেগালিজের পা থেকেই। আগামী ১৯ তারিখ সান্দারল্যান্ডের বিরুদ্ধে স্ট্যামফোর্ড ব্রিজে পরবর্তী ম্যাচটি খেলবে চেলসি।